August 1, 2026, 9:53 am

সৈয়দপুর-চিলাহাটি রেলপথের ৫টি স্টেশন বন্ধ, ৭৫০ কোটি টাকার সম্পদ ঝুঁকিতে

সৈয়দপুর-চিলাহাটি রেলপথের ৫টি স্টেশন বন্ধ, ৭৫০ কোটি টাকার সম্পদ ঝুঁকিতে

নীলফামারীর সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত নয়টি রেলস্টেশনের মধ্যে পাঁচটি প্রায় দুই দশক ধরে বন্ধ রয়েছে। এর ফলে স্থানীয় জনগণের যাতায়াতে ভোগান্তি বেড়েছে এবং স্টেশন ভবন, লুপলাইন ও রেলওয়ের মূল্যবান অবকাঠামো অরক্ষিত অবস্থায় পড়ে নষ্ট হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, সৈয়দপুর-চিলাহাটি রেলপথে মোট ৯টি স্টেশন রয়েছে, যার মধ্যে খয়রাতনগর, দারোয়ানী, নীলফামারী কলেজ, তরুণীবাড়ী ও মীর্জাগঞ্জ স্টেশন দীর্ঘ ২০ বছর ধরে বন্ধ রয়েছে। এসব স্টেশন একসময় যাত্রী ও পণ্য পরিবহনে ব্যস্ত ছিল। বর্তমানে চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে ছয় জোড়া আন্তনগর ট্রেন এবং একটি মেইল ট্রেন চলাচল করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু করা হলে এলাকার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। খয়রাতনগর ও দারোয়ানী স্টেশন পরিদর্শন করে দেখা যায়, স্টেশন ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে এবং সেখানে মাদকসেবীদের আড্ডা বসছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।

স্থানীয় বাসিন্দা অহিদুর রহমান জানান, খয়রাতনগর স্টেশন থেকে উত্তরা ইপিজেডের দূরত্ব মাত্র এক কিলোমিটার। ইপিজেড কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন একাধিকবার স্টেশনটি চালুর সম্ভাব্যতা পরিদর্শন করেছে, কিন্তু প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, স্টেশনগুলো বন্ধ থাকায় রেলের ক্রসিং সুবিধা সীমিত হয়ে গেছে এবং অবকাঠামো নষ্ট হচ্ছে। সৈয়দপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার ওবাইদুল ইসলাম রতন বলেন, জনবল নিয়োগ ও স্টেশনগুলো চালু করা গেলে সরকারের রাজস্ব বাড়বে এবং রেলসম্পদ সুরক্ষিত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা