August 1, 2026, 9:53 am

রাজবাড়ীতে আগস্টের প্রথম প্রহরে শোকের ব্যানার উধাও

রাজবাড়ীতে আগস্টের প্রথম প্রহরে শোকের ব্যানার উধাও

রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগস্টের প্রথম প্রহরে টানানো শোক ও শ্রদ্ধাঞ্জলির ব্যানার সকাল ১০টার পর আর দেখা যায়নি। রাতের আঁধারে কে বা কারা ব্যানারগুলো খুলে ফেলেছে বলে জানা গেছে।

জেলা আওয়ামী লীগের স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে (আগস্টের প্রথম প্রহরে) জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন শহীদদের স্মরণে ব্যানার টাঙান।

শনিবার সকাল ১০টার পর জেলা কার্যালয়ে গিয়ে দেখা যায়, রাতের টাঙানো শোক ও শ্রদ্ধাঞ্জলির ব্যানারগুলো তুলে ফেলা হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বলেন, ১৫ আগস্ট আমাদের জাতীয় জীবনের এক গভীর শোক ও বেদনার দিন। আগস্টের প্রথম প্রহর থেকেই আমরা ভাবগাম্ভীর্যের সঙ্গে দলীয় কর্মসূচির সূচনা করেছিলাম।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। শোককে শক্তিতে রূপান্তর করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

উল্লেখ্য, আগস্ট মাসকে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোকাবহ মাস হিসেবে পালন করে আসছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা