July 31, 2026, 4:14 pm

গ্যাসসংকট পুরোপুরি কাটবে না, তবে সংকট সমাধানে সরকার আন্তরিক: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মহেশখালীতে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রেসিফায়ার ইউনিটে (এফএসআরইউ) অগ্নিকাণ্ড গত কয়েক দিন ধরে গ্যাস সংকটের কারণ। বিদেশি প্রকৌশলীরা সমাধানে কাজ করছেন। আগামীকাল শনিবার থেকে সমস্যা কিছুটা কাটবে। বাকি সমস্যা কাটবে আগামী ১০ আগস্ট। গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে– সেই প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন না। তবে সংকট সমাধানে সরকার যথেষ্ট আন্তরিক।
বৃহস্পতিবার সমকাল আয়োজিত সংলাপে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এসব কথা বলেন। ‘জ্বালানি খাতে সংকট: উত্তরণে করণীয়’ শিরোনামে এই সংলাপে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন তিনি যুক্ত হন। রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপটি সঞ্চালনা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুভেচ্ছা বক্তব্য দেন সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।
বিটিএমএর সভাপতি মন্ত্রীর কাছে জানতে চান, পত্রপত্রিকায় বলা হচ্ছে, চলমান গ্যাস সংকট শেষ হতে আরও ২ সপ্তাহের মতো লাগবে। আসলে কবে নাগাদ গ্যাস সরবরাহের চলমান সংকটের সমাধান পাওয়া যাবে?
মন্ত্রী বলেন, গ্যাস সংকটের কারণে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের বিল পরিশোধ উদারভাবে দেখার চেষ্টা হচ্ছে। ব্লক অ্যাকাউন্টে নিয়ে পরে কিস্তিতে পরিশোধ করতে পারেন– সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, গত ১৫ বছরের সমস্যা বর্তমান সরকারের মাত্র ৬ মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। দেশের অভ্যন্তরে গ্যাস উত্তোলনের চেষ্টা না করে এলএনজি আমদানিনির্ভর করে তোলা হয়েছে দেশকে। তবে সরকার জ্বালানি সংকট মোকবিলায় সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। বাপেক্সকে শক্তিশালী করা হচ্ছে।
ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি খাতের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। শিল্প খাতের সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা