July 31, 2026, 12:55 pm

মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়: হুইপ অপু

মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়: হুইপ অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি শুক্রবার (৩১ জুলাই) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের জয়ন্তী নদীর ওপর প্রস্তাবিত নলমুড়ি-কুচাইপট্টি সংযোগ সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শনকালে এ কথা বলেন।

হুইপ অপু বলেন, গত ১৭ বছরে সমাজব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাদক ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে, এমনকি ঘরে ঘরে এর প্রভাব পৌঁছে গেছে। তিনি জানান, এ অবস্থা থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।

জয়ন্তী নদীর ওপর সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ সেতুর অনুমোদন ইতোমধ্যে হয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। এছাড়া খুনেরচর-আবুপুর হয়ে বরিশালের সঙ্গে সংযোগ স্থাপনে আরও একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক প্রকল্পের বিষয়ে হুইপ অপু জানান, আগামী তিন মাসের মধ্যে সব প্রশাসনিক প্রক্রিয়া শেষ হবে এবং দ্রুত টেন্ডার সম্পন্ন করে নির্মাণকাজ শুরু করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী রোববার বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকে অবশিষ্ট সমস্যারও নিষ্পত্তি হবে।

এর আগে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় সামন্তসার ও ইদিলপুর ইউনিয়নের চারটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন হুইপ অপু। এ সময় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা