August 1, 2026, 1:00 pm

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে রাশেদ খাঁনের ফোনে হুমকির অভিযোগ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে রাশেদ খাঁনের ফোনে হুমকির অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন ফোনে ‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টা ৮ মিনিটে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ অভিযোগ করেন।

রাশেদ খাঁন দাবি করেন, বৃহস্পতিবার বিকেলে পাটওয়ারী তাকে ফোন করে তার বিরুদ্ধে আর কোনো কথা না বলার অনুরোধ করেন এবং বিনিময়ে তিনি নিজেও তার বিরুদ্ধে কিছু বলবেন না বলে জানান। রাশেদ খাঁন বলেন, তিনি পাটওয়ারীকে জানান যে, যদি তিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবার নিয়ে বাজে কথা বলা বন্ধ করেন, তবে তিনি বিষয়টি ভেবে দেখবেন।

রাশেদের অভিযোগ অনুযায়ী, পাটওয়ারী পরে আবার ফোন করে তাকে বিভিন্ন তথ্য প্রকাশ করে দেওয়ার কথা বলেন। রাশেদ খাঁন পোস্টে উল্লেখ করেন, পাটওয়ারী দাবি করেন যে, তার কাছে রাশেদের ফ্ল্যাট কেনার বিষয়ে তথ্য-প্রমাণ রয়েছে। রাশেদ খাঁন এ বিষয়ে বলেন, তিনি পাটওয়ারীকে এসব তথ্য প্রকাশ করে দিতে বলেন এবং জানান যে, তার কোনো ফ্ল্যাট নেই এবং তিনি কখনো নাহিদ-আসিফ থেকে টাকা নেননি।

রাশেদ খাঁন আরও লেখেন, তিনি প্রথমে ভেবেছিলেন পাটওয়ারী তার ভুল বুঝতে পেরেছেন, কিন্তু পরদিন পাটওয়ারী আবারও আগের বক্তব্য থেকে সরে গিয়ে নতুন করে কথা বলা শুরু করেছেন।

এদিকে, পাটওয়ারীর বিরুদ্ধে রাশেদ খাঁনের এ অভিযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। তবে রাশেদের অভিযোগের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা