July 28, 2026, 7:47 pm

ভেদাভেদ ভুলে দলীয় সিদ্ধান্ত মেনে কাজ করতে হবে’—এমপি মমতাজ আলো

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।

মঙ্গলবার সাঘাটা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দলের সিদ্ধান্তই সবার সিদ্ধান্ত। স্থানীয় নির্বাচনে সব ভেদাভেদ ভুলে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। বিজয় অর্জন করতে না পারলে আমাদের মূল্যায়ন থাকবে না।”

তিনি আরও বলেন, “গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসন আমরা হারিয়েছি। এটি আমাদের জন্য বড় ব্যর্থতা। হারানো আসনগুলো পুনরুদ্ধারে এখন থেকেই নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পর্যায়ক্রমে দলের পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।”

মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. ময়নুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল।

সভায় সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ।

এ সময় সাঘাটা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংসদ সদস্য মমতাজ আলোকে ফুলেল শুভেচ্ছা জানান। সভায় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা