বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সকল শ্রেণির মানুষের অবদান রয়েছে এবং পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল। তিনি শনিবার (২৫ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (ডিইএব) এর সেমিনার হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
‘রক্তাক্ত জুলাই এবং পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ডিইএব ডিপিডিসি শাখা। সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী মীর হোসেন পাটোয়ারী (মিলন) এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান জুয়েল। সভায় বক্তব্য দেন প্রকৌশলী তরিকুল হক, প্রকৌশলী রেজাউল করিম, শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন, প্রকৌশলী আবুল মনসুর, প্রকৌশলী এএসএম তারেক তুষার, প্রকৌশলী ওবায়দুল আলম প্রমুখ।
শামসুজ্জামান দুদু বলেন, বাঙালি জাতি কখনো অন্যায় সহ্য করে না, যার প্রমাণ গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ। তিনি দাবি করেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে পেশাজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যৌক্তিক দাবিগুলো শুনতে এবং সমাধানে উদ্যোগী হতে।
সভাপতির বক্তব্যে মীর হোসেন পাটোয়ারী মিলন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে ডিইএব’র প্রকৌশলীসহ পেশাজীবীদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি অসহায় সহযোদ্ধাদের প্রতি সরকারের সুদৃষ্টি রাখার আহ্বান জানান।
অন্য বক্তারা বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, বর্তমান সরকারের উচিত সিস্টেম লস কমিয়ে গ্রাহক সেবার মান বৃদ্ধি করা। তারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।