July 27, 2026, 10:14 am

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের সাঙ্গু নদে একটি ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মো. জাওয়াদ উল ইসলাম নামে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সাঙ্গু নদের খড়স্রোতা ‘বড় পাথর’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জাওয়াদ উল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকায়। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান চালাচ্ছেন। শুক্রবার দুপুরের পর ১৩ পর্যটকের একটি দল দুটি ইঞ্জিনচালিত নৌকায় তিন্দু মুখ এলাকা থেকে বড় পাথরের উদ্দেশ্যে রওনা হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকা দুটি তীব্র স্রোতের মধ্যে পড়ে যায়। উজানের দিকে যাওয়ার একপর্যায়ে একটি নৌকা ডুবে যায় এবং ওই নৌকায় থাকা এক পর্যটক নিখোঁজ হন। থানচি গাইড সভাপতি জওয়াই প্রু জানান, ১৩ জনের ওই পর্যটক দল ২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিন্দুতে প্রবেশ করেন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল জানিয়েছেন, আলীকদম হয়ে তিন্দু ভ্রমণে যাওয়ার আগে পর্যটকরা প্রশাসনের কাছে নিজেদের পরিচয় নিবন্ধন করেননি। তিনি বলেন, আগামীবারে মাসিক মিটিংয়ে এটি উত্থাপন করা হবে যাতে পর্যটকরা নিবন্ধন ছাড়া প্রবেশ করতে না পারেন।

এছাড়া, পরিস্থিতি বিবেচনায় সেখানে পর্যটক ভ্রমণে বর্ষাকাল পর্যন্ত কিছুদিন বন্ধ রাখা যায় কিনা তা দেখা হবে। থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রহিদুর রহমান জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা