বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতে বাংলাদেশের মিশনে দুই জন প্রেস অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অতীতে ভারতবিরোধী কিছু পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে জয়সোয়াল বলেন, নতুন অফিসার নিয়োগের বিষয়টি তাদের জানা রয়েছে এবং তারা সম্পর্ককে এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
এছাড়া, সম্প্রতি নিয়োগ পাওয়া প্রেস মিনিস্টার সাইদুর রহমানের অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের খন্ডিত অংশ নিয়ে কিছু অনলাইন এবং পত্রিকায় অপপ্রচার হচ্ছে বলে জানা গেছে।
ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের আসন্ন ঢাকা সফর নিয়ে জানতে চাইলে জয়সোয়াল জানান, এ বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই।
আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে পরে কথা বলবেন।