বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ সংগঠন থেকে পদত্যাগ করেছেন। আজ শনিবার সংগঠনের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। তারা জানান, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার কারণে একাধিক রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা সৃষ্টি হতে পারে।
এছাড়াও, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকেও একই কারণে ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনটি জানায়, একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন ছাত্র ইউনিয়নের আদর্শ ও সাংগঠনিক কাঠামোর পরিপন্থী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিদায়ী নেতাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে এবং তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সফলতা কামনা করা হয়েছে। সংগঠনটি শিক্ষার অধিকার, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং বৈষম্যহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।