সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন। শুক্রবার (২৪ জুলাই) কালের কণ্ঠকে তার পরিবারের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্য জানান, মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজের বাসায় উঠবেন। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের তথ্য নিশ্চিত করেছেন। আজ বিকেলে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে স্পিকার জানান, রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র আজ বিকেল ৫টা ১ মিনিটে তার কাছে জমা দেওয়া হয়েছে।
স্পিকার বলেন, ‘আমি পদত্যাগপত্র গ্রহণ করেছি। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’ তিনি আরও জানান, মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থ হওয়ায় রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসামর্থ্য হয়ে পদত্যাগ করেছেন।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল।
এদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে আসছিলেন জামায়াত-এনসিপি নেতাকর্মীরা এবং এ দাবিতে একাধিক আন্দোলনও হয়েছে।