July 24, 2026, 6:52 pm

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

থাইল্যান্ডে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। ঢাকা ও ব্যাংককের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনসহ দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ব্যাংককে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং থাইল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী বিজাবাত ইসারাভাকদির মধ্যে বৈঠক হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হুমায়ুন কবির ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সফর শেষে ব্যাংককে যাত্রাবিরতিকালে এ বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও থাইল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, পর্যটন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে, থাইল্যান্ডে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

হুমায়ুন কবির আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে থাইল্যান্ডের সমর্থন কামনা করেন। থাইল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা