রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দাবি ছিল মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারবেন না। তিনি চব্বিশের গণহত্যার নীরব সহযোগী ছিলেন বলে অভিযোগ করেন।
তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, কিন্তু পরে তা অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা তার শপথ ভঙ্গের সমান।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণ নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তিনি নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন এমন প্রত্যাশা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে সর্বাত্মক সহযোগিতা করবে, তবে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তোষামোদকারী কাউকে দেখতে চায় না বলেও উল্লেখ করেন তিনি।