প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীতে ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট অব্যাহত রয়েছে। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকায় নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকেই খোলা থাকা সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অনেক চালক মধ্যরাত থেকেই লাইনে অপেক্ষা করলেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাননি।
চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ফিলিং স্টেশন পরিচালনাকারীরাও সেবা দিতে হিমশিম খাচ্ছেন। গ্যাসের অভাবে অধিকাংশ সিএনজি স্টেশন কার্যত বন্ধ রয়েছে।
এদিকে, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগানসহ রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় গ্যাসের চাপ কম থাকায় রান্না করা সম্ভব হচ্ছে না। এতে ছুটির দিনেও বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানিয়েছে, জাতীয় গ্রিডে সৃষ্ট কারিগরি ত্রুটি দ্রুত মেরামতের কাজ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, ত্রুটি সমাধান হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এবং সংকট কেটে যাবে।