গাজার পক্ষে অবস্থানের কারণে প্রাণনাশের হুমকি পাচ্ছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং তার স্ত্রী।
মামদানি মার্কিন সাময়িকী রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রাণনাশের হুমকির জন্য আগে থেকে প্রস্তুত থাকা কঠিন। তিনি জানান, যখন সবার অধিকারের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তখন এর কিছু পরিণতি মেনে নিতে হয়।
তিনি উল্লেখ করেন, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় সদস্য থাকাকালেও একই ধরনের হুমকি পেয়েছিলেন। সে সময় তিনি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সমালোচনা করেছিলেন এবং গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষের হত্যাকাণ্ডের বিরোধিতা করেছিলেন।
মামদানি জানান, মেয়র হওয়ার আগেই এসব হুমকি শুরু হয়েছিল এবং দায়িত্ব গ্রহণের পরও তা অব্যাহত রয়েছে। তার স্ত্রী রামা দুয়াজিও ইসরায়েল ও গাজা যুদ্ধ নিয়ে অবস্থান প্রকাশ করায় সমালোচনা ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন।
এদিকে, দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে মামদানি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেগে বিচারিক প্রক্রিয়া চলা উচিত। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রসঙ্গও উল্লেখ করেন।
তবে মামদানি স্পষ্ট করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনগত ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। তার মতে, এ ধরনের পদক্ষেপ নেওয়ার এখতিয়ার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের।