August 20, 2026, 12:04 am

রাজহাঁস চুরির অভিযোগে যুবককে ১০০ রাকাত নামাজ আদায়

রাজহাঁস চুরির অভিযোগে যুবককে ১০০ রাকাত নামাজ আদায়

ভোলার লালমোহনে দুটি রাজহাঁস চুরির অভিযোগে মো. নাজিম (২৫) নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তওবা করানোর পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে ফরাজগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ গ্রামের পশ্চিম কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. নাজিম লালমোহন পৌরসভার নয়ানী গ্রামের বুলু হাওলাদারের ছেলে।

স্থানীয়দের মতে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। বৃহস্পতিবার রাতে জয়নাল আরিন্দা বাড়ির মো. এমরান হোসেন রাকিবের দুটি রাজহাঁস চুরি করার সময় স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় তিনি আর কখনো এমন কর্মকাণ্ড করবেন না বলে অঙ্গীকার করেন।

রাজহাঁসের মালিক মো. এমরান হোসেন রাকিব জানান, হাঁস দুটি তাদের পরিবারের জন্য বিশেষ গুরুত্ব বহন করত। স্থানীয়দের সহযোগিতায় হাঁস উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযুক্তকে মারধর না করে ধর্মীয় অনুশাসনের মাধ্যমে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।

ফরাজগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আবু তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, হাঁস চুরির অপরাধে তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয়েছে এবং লোকজন জানিয়েছেন তার বিরুদ্ধে পূর্বেও চুরির অভিযোগ রয়েছে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, ঘটনাটি থানায় কেউ জানায়নি। তবে রাতে এলাকায় নিয়মিত পুলিশের টহল চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা