July 24, 2026, 10:32 pm

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপির নেতা গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপির নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আফতাব মজুমদার এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক এবং বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক। ১৪ মে দলের সদস্য সচিব আখতার হোসেনের সই করা এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য করা হয়।

চান্দগাঁও থানার ওসি জসীম উদ্দিন জানান, গত ১৯ জুলাই এক তরুণী জয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। র‌্যাব ওই মামলায় তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে।

মামলার নথিসূত্র অনুযায়ী, আফতাবের সঙ্গে চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের এক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে আফতাব ওই শিক্ষার্থীকে বিয়ের আশ্বাস দেন। ১৪ জুলাই রাতে চান্দগাঁও এলাকার একটি আবাসিক হোটেলে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আফতাব। পরে বিয়ের তাগিদ দিলে তিনি তা অস্বীকার করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী ১৯ জুলাই চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এনসিপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, আফতাবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা