ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী তাদের লোগো থেকে আকিমুদ্দিন উঠিয়ে ফেললে তারা পরাজিত হয়ে গেছে। তিনি বলেন, জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত।
বুধবার দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লা উত্তর জেলা ইসলামী আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম আরও বলেন, জামায়াত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তালে তাল মিলিয়ে চলে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সঙ্গে, বিএনপির সময় বিএনপির সঙ্গে এবং অন্যান্যদের সঙ্গেও তারা সম্পর্ক বজায় রাখে। তিনি বলেন, জামায়াত ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনার কথা বললেও তারা গণতন্ত্র অনুযায়ী দেশ পরিচালনার কথা স্বীকার করেছে।
সম্মেলনে কুমিল্লা জেলা উত্তর সভাপতি ক্বারি মো. সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এবং কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।
সম্মেলন শেষে ক্বারি সাইফুল ইসলাম সরকারকে সভাপতি এবং মুফতি রাশেদুল ইসলামকে সেক্রেটারি করে কুমিল্লা উত্তর জেলা কমিটি ঘোষণা করেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।