দলীয় রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কৃত হলে সংসদ সদস্যের আসন শূন্য হয়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
জাতীয় সংসদ নির্বাচনের পর কোনো দলের সংসদ সদস্যকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার করা হলে তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, এ বিষয়ে তিনি মন্তব্য করেন। বুধবার (২২ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলোর মনোনয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিচয় ও আইনগত ভিত্তি দলগত কাঠামোর ওপর নির্ভর করে। যদি দল আনুষ্ঠানিকভাবে কোনো সদস্যকে বহিষ্কার করে এবং তার মনোনয়ন প্রত্যাহার করে, তবে তার আসন শূন্য হওয়া স্বাভাবিক।
তবে, আনুষ্ঠানিকভাবে দলীয় বহিষ্কার সংক্রান্ত কোনো নথিপত্র নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি বলেও জানান তিনি। নির্বাচন কমিশনার বলেন, লিখিত নথি ও আইন অনুযায়ী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।