এলএনজির ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বুধবার (২২ জুলাই) বিকেলে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মেরামতের কাজ চলছে এবং আগামী ২ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে।
মনির হোসেন চৌধুরী বলেন, দেশে প্রতিদিন প্রাকৃতিক গ্যাসের চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট, কিন্তু সরবরাহ করা যায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। ফলে কিছুটা ঘাটতি দীর্ঘদিন ধরে বিদ্যমান।
তিনি আরও জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সিএনজি স্টেশনগুলোতে সাময়িক সংকট দেখা দিয়েছে। তবে এটি খুবই অস্থায়ী বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ১ লাখ ৮০ হাজার এবং আগস্টে ২ লাখ ৪০ হাজার টন ডিজেল আসবে বলে জানান যুগ্মসচিব। তিনি বলেন, জ্বালানি পণ্যের কোনো ধরনের সংকট নেই এবং গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে।
জ্বালানি তেল আমদানি প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্য থেকে ক্রুড অয়েল আসছে এবং হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর রেড সি দিয়ে আমদানি করা হচ্ছে। বিকল্প রুট নিয়েও চিন্তা করা হচ্ছে।