ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এবং লে মেরিডিয়ান ঢাকা-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকটি পর্যটন ও আতিথেয়তা খাতে আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে তৈরি করা হয়েছে।
সম্প্রতি লে মেরিডিয়ান ঢাকায় এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে আইইউবিএটির কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং লে মেরিডিয়ান ঢাকার মধ্যে শিক্ষা ও শিল্পখাতের সহযোগিতা আরও সুদৃঢ় হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, শিল্প-প্রশিক্ষণ, বাস্তবভিত্তিক শিক্ষা, যৌথ গবেষণা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে আইইউবিএটির পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান এবং কলেজের চেয়ারম্যান ড. মোহাম্মদ বদরুদ্দোজা তালুকদার উপস্থিত ছিলেন। লে মেরিডিয়ান ঢাকার পক্ষ থেকে জেনারেল ম্যানেজার মি. কনস্টান্টিনোস এস. গ্যাভ্রিয়েল এবং মানবসম্পদ বিভাগের পরিচালক মো. এমামুল হক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারিত্ব বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের পেশাগত পরিবেশে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যা তাদের কর্মজীবনে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করবে।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।