July 22, 2026, 3:07 pm

দিল্লিতে বিক্ষোভের মধ্যে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

দিল্লিতে বিক্ষোভের মধ্যে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

ভারতের রাজধানী দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। এই সিদ্ধান্তের ফলে অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (২২ জুলাই) নিরাপত্তাজনিত কারণে এই ১৬টি স্টেশন বন্ধ রাখা হয়েছে। রাজধানীজুড়ে চলমান বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বন্ধ থাকা স্টেশনগুলো হলো—লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম।

গত সোমবার ও মঙ্গলবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর বিক্ষোভ ও সংসদ ঘেরাও কর্মসূচির কারণে রাজধানীতে উত্তেজনা সৃষ্টি হয়। একই সময়ে কংগ্রেস, আম আদমি পার্টি (এএপি), সমাজবাদী পার্টিসহ বিভিন্ন বিরোধী দলের বিক্ষোভও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

প্রশাসন জানিয়েছে, বিক্ষোভের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও প্রশাসনিক এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমআরসি জানিয়েছে, বন্ধ স্টেশনগুলোতে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার সুযোগ থাকবে না, তবে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল অব্যাহত থাকবে। যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার এবং যাত্রার আগে সর্বশেষ পরিষেবা সংক্রান্ত তথ্য দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা