August 21, 2026, 5:58 am

এনার্জিপ্যাকের নতুন উদ্যোগ ‘ইকোফিল’ চালু

এনার্জিপ্যাকের নতুন উদ্যোগ ‘ইকোফিল’ চালু

এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড পরিবেশবান্ধব কর্মক্ষেত্র গড়ে তোলার লক্ষ্যে ‘ইকোফিল’ নামে নতুন একটি উদ্যোগ চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ১০ লাখের বেশি একবার ব্যবহার্য প্লাস্টিক বোতলের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, ‘ইকোফিল’ তাদের পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) কৌশলের অংশ। এর মাধ্যমে সম্পদের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে টেকসই চর্চা আরও জোরদার করা হবে।

উদ্যোগের আওতায় এনার্জিপ্যাকের অফিস ও কারখানায় কর্মী, দর্শনার্থী এবং ব্যবসায়িক অংশীদারদের জন্য একবার ব্যবহার্য প্লাস্টিক বোতলের পরিবর্তে পুনঃব্যবহারযোগ্য কাচের বোতল চালু করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে পানির রিফিল স্টেশন স্থাপন করা হয়েছে, যেখানে কর্মীরা একই বোতলে প্রয়োজন অনুযায়ী বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবেন।

প্রতিটি রিফিল স্টেশনে রিভার্স অসমোসিস (আরও) প্রযুক্তির মাধ্যমে পানি পরিশোধনের ব্যবস্থা রয়েছে, যাতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে পানি ব্যবহার নিশ্চিত করা যায়। ‘রিফিল। রিইউজ। রেসপেক্ট।’ প্রতিপাদ্য নিয়ে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে টেকসই জীবনধারা গড়ে তুলতে সবাইকে উৎসাহিত করা হবে।

এনার্জিপ্যাক ফ্যাশনসের চেয়ারম্যান হুমায়ুন রশিদ বলেন, “টেকসই উন্নয়ন কেবল অঙ্গীকার করার মাধ্যমে নয়, বরং ধারাবাহিক বাস্তব পদক্ষেপের মধ্য দিয়েই গড়ে ওঠে। ‘ইকোফিল’ আমাদের ইএসজি যাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা