দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সংসদ ভবনের নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। আন্দোলনকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে নিরাপত্তার স্বার্থে ভবনের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়।
গত সোমবার ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে 'সিজেপি' আন্দোলন কর্মসূচি পালন করে। আন্দোলনে অংশ নেওয়া কয়েক হাজার শিক্ষার্থী সংসদ ভবনের দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পুলিশের পদক্ষেপের সমালোচনা করলেও কঙ্গনা ভিন্ন মত প্রকাশ করেন। তিনি জানান, নিরাপত্তার স্বার্থে সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়।
কঙ্গনা বলেন, ‘আমরা সব সাংসদ তখন সংসদকক্ষে ছিলাম। সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম এই ভেবে যে, উন্মত্ত জনতা হয়তো আমাদের ওপর হামলা চালাবে। দিল্লি পুলিশ সেদিন ঢাল হয়ে আমাদের রক্ষা করেছে।’
তিনি আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন। কঙ্গনা বলেন, ‘ধীরে ধীরে সবাই বিজেপি এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবেন। কারণ, এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি।’
উল্লেখ্য, যন্তর মন্তরের ওই বিক্ষোভ কর্মসূচি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে আয়োজন করা হয়।