প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশে মাকে নেওয়ার প্রয়োজন ছিল না, কারণ দেশের চিকিৎসকরা যে মানবিক সেবা দিয়েছেন, তা বিদেশে পাওয়া যেত না।
শনিবার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী জানান, দেশের প্রখ্যাত চিকিৎসকরা দীর্ঘদিন ধরে তার মায়ের চিকিৎসা করেছেন এবং মৃত্যুর কিছুদিন আগে বিদেশে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল।
তিনি বলেন, "বিদেশে গেলে হয়তো টেকনিক্যাল সাপোর্ট ভালো পাওয়া যেত, কিন্তু যে আন্তরিক সেবা তার মায়ের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেওয়া হয়েছে, তা বিদেশে পাওয়া সম্ভব নয়।" প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঢাকা মেডিকেল কলেজের ইতিহাসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রধানমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, "ঢাকা মেডিকেল এখন রাজধানীর মানুষের নির্ভরতার প্রতীক।" তিনি রোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়ে বলেন, রাষ্ট্র যদি প্রিভেনশনের ব্যবস্থা নেয়, তাহলে চিকিৎসার খরচ কম হবে।
তিনি জানান, স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করতে পারেন।