রাজধানীর যাত্রাবাড়ী থেকে উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া এক নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আতাউল্লাহ শাহ নামের ওই নেতা এনসিপির গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব ছিলেন।
মঙ্গলবার (৭ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়। চিঠিটি এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। বর্তমানে আতাউল্লাহ পুলিশ রিমান্ডে রয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আতাউল্লাহর বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এ কারণে তাকে এনসিপির সব পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, ৫ জুলাই সকালে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকার একটি বালুর মাঠ থেকে আতাউল্লাহসহ ছয় যুবককে আটক করে পুলিশ। পুলিশ আদালতে তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে এবং সাত দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
পুলিশের দাবি, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা অভিযানে যায় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। আটককৃত অন্য পাঁচ যুবক হলেন শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আবিদুর রহমান ও বায়োজিত।
রিমান্ড শেষে বুধবার (৮ জুলাই) আদালত আতাউল্লাহ শাহসহ চারজনকে কারাগারে পাঠায় এবং বাকি দুজনের জন্য আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।