দেশের তিন-চতুর্থাংশের বেশি মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের ধরনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। নতুন একটি জাতীয় জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
গবেষণা প্রতিষ্ঠান ডেল্টাগ্রাম পরিচালিত জরিপে অংশ নেওয়া ৩ হাজার প্রাপ্তবয়স্ক উত্তরদাতার মধ্যে ৭৫ দশমিক ৩ শতাংশ বলেছেন, তারা প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কাজের ধরন সমর্থন করেন। অপরদিকে ১৭ দশমিক ৫ শতাংশ অসন্তোষ প্রকাশ করেছেন এবং ৭ দশমিক ২ শতাংশ এ বিষয়ে কোনো মত দেননি।
জরিপটি ১২ থেকে ২৪ জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত হয়। বিএনপি সরকার গঠনের প্রায় চার মাস পর এই জনমত যাচাই করা হয়। বিভাগভিত্তিক হিসাবে, রংপুর বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সমর্থন সবচেয়ে বেশি, যেখানে অনুমোদনের হার ৮৩ দশমিক ১ শতাংশ। অন্যদিকে ঢাকা বিভাগে এ হার ৭০ দশমিক ৪ শতাংশ।
গ্রামীণ এলাকায় ৭৮ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন, যা শহরের তুলনায় বেশি। ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে সমর্থনের হার তুলনামূলকভাবে কম, ৭০ দশমিক ৯ শতাংশ।
ডেল্টাগ্রাম জানিয়েছে, জরিপটি তাদের নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে এবং ৭০ শতাংশ সাক্ষাৎকার সরাসরি এবং ৩০ শতাংশ মোবাইল ফোনে নেওয়া হয়েছে। জরিপের সাড়া দেওয়ার হার ছিল ৭৫ দশমিক ৭ শতাংশ।