সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন পে-স্কেলটি একবারেই কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে, যা চূড়ান্ত বেতনহার কমিশনের সুপারিশের তুলনায় কম।
৬ জুলাই অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সচিবালয়ে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে একটি পর্যালোচনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শুরুতে নতুন পে স্কেল দুই ধাপে কার্যকর করার পরিকল্পনা ছিল, তবে প্রশাসনিক ব্যয় বাড়ানো এবং চাকরিজীবীদের মধ্যে অসন্তোষের আশঙ্কা থাকায় একবারেই বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে।
বৈঠকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশগুলোর আর্থিক প্রভাব, বাস্তবায়নের সম্ভাব্য সময়সূচি এবং বেতন সমন্বয়ের পদ্ধতি নিয়ে আলোচনা হবে। তবে নতুন পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সবকিছু ঠিক থাকলে ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর মূল বেতন কার্যকর হতে পারে এবং বিভিন্ন ভাতা ২০২৭-২৮ অর্থবছর থেকে নতুন কাঠামোর আওতায় যুক্ত হতে পারে।