July 5, 2026, 2:42 pm

গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আগমন, প্রস্তুতি চলছে

গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আগমন, প্রস্তুতি চলছে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে দ্রুত এগিয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন রোববার (৫ জুলাই) থেকেই বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, সোমবার (৬ জুলাই) ভোরে টাইফুনটির মূল আঘাত হানার সম্ভাবনা রয়েছে। টাইফুনটির স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি ৩১৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা এটিকে ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য হিসেবে চিহ্নিত করেছে।

এনডব্লিউএস সতর্ক করেছে যে, টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং উপকূলীয় এলাকায় প্লাবনের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে অবকাঠামো, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

বাসিন্দারা ঝড়ের আগমনের আগে ঘরবাড়ি সুরক্ষিত করতে জানালায় প্লাইউড লাগাচ্ছেন এবং প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ মজুত করছেন। গুয়ামে প্রায় ১ লাখ ৭০ হাজার এবং নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস রয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় গুয়ামে পাঁচটি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।

ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) আগেভাগেই সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণসামগ্রী মজুত করেছে। বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং এল নিনো পরিস্থিতির কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়গুলো আরও শক্তিশালী হয়ে উঠছে, যা ভবিষ্যতে এ ধরনের দুর্যোগের ঝুঁকি বাড়াতে পারে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা