মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেলের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম এ রশিদুজ্জামান মিল্লাত।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সোলার প্যানেল স্থাপনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে, যা চিকিৎসাসেবাকে আরও কার্যকর ও মানসম্মত করবে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে, যাতে উপজেলাবাসী আরও উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা পেতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমনসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা।