জামায়াতে ইসলামী দেশের ৮টি সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি হিসেবে দলটি এই তৎপরতা শুরু করেছে। জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ চট্টগ্রাম, গাজীপুর, বরিশাল, রংপুর, খুলনা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জন্য প্রার্থীদের নাম নির্ধারণ করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য দলের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণের জন্য ডাকসুর ভিপি সাদিক কয়েমের নাম আলোচনায় রয়েছে। চট্টগ্রামে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে হাফিজুর রহমান, বরিশালে মুয়ায্জম হোসাইন হেলাল, রংপুরে এ টি এম আজম খান, খুলনায় মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মোহাম্মদ আবদুল জব্বারের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এসব প্রার্থী ইতোমধ্যে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। তারা স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন। সেলিম উদ্দিন ঢাকা উত্তর সিটিতে বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশ নিচ্ছেন, অন্যদিকে সাদিক কয়েমও দক্ষিণ সিটিতে সামাজিক কর্মসূচিতে যুক্ত রয়েছেন।
এছাড়া রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের জন্য সম্ভাব্য প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। এসব সিটিতে প্রার্থী নির্বাচন নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা চলছে। জামায়াতের নেতাদের দাবি, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে দলের ভালো ফলাফল স্থানীয় সরকার নির্বাচনে তাদের সম্ভাবনা বাড়িয়েছে।