জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো ধরনের ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, সংসদে উভয় পক্ষই তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছে এবং এটি কোনো প্রতিযোগিতা নয়। বৃহস্পতিবার (২ জুলাই) বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, “বাংলাদেশের পার্লামেন্টে পজিশনে তারেক রহমান আর অপজিশনে ডা. শফিকুর রহমান এখানে এ ধরনের কোনো গেম নেই।” তিনি আরও জানান, সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “বিরোধী দলের দায়িত্ব শুধু বিরোধিতা করা নয়, যৌক্তিক বিষয়ে সমর্থন দেওয়া এবং প্রয়োজন হলে সরকারের সমালোচনা করাও তাদের দায়িত্ব।”
সংবিধান সংশোধন বিষয়ে নুরুল ইসলাম মনি বলেন, এটি সংসদে হবে এবং সংস্কার আলোচনা হবে সংসদের বাইরে। তিনি জানান, সরকারের সামনে তিনটি পথ রয়েছে—নতুন সংবিধান প্রণয়ন, সংবিধান স্থগিত রেখে নতুন ব্যবস্থা চালু করা, অথবা বিদ্যমান সংবিধান সংশোধন ও সংস্কার করা। তিনি তৃতীয় পথেই এগোচ্ছি বলে উল্লেখ করেন।
হামে শিশু মৃত্যুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি এমন কোনো বিষয় নয়, যা অবহেলা করা যায়।” তিনি জানান, প্রধানমন্ত্রী বিষয়টি তদারকি করছেন এবং টিকার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। চিফ হুইপ দুর্নীতির প্রসঙ্গেও মন্তব্য করেন, “গত সরকারের সময় ভয়াবহ দুর্নীতি হয়েছে, প্রায় ১০ বিলিয়ন ডলারের মতো।”