July 1, 2026, 8:55 am

সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল বুধবার, ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। নতুন কাঠামোয় ১১-২০তম গ্রেডের বেতন সর্বোচ্চ ১৩৫ শতাংশ বৃদ্ধি পাবে। তবে, প্রজ্ঞাপন জারি ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন না হওয়ায়, সরকারি কর্মচারীরা বাড়তি বেতন পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সরকার পে-স্কেল বাস্তবায়নে দুই ধাপের মডেল নিয়ে কাজ করছে, যেখানে প্রথম বছর পুরো মূল বেতন কার্যকর করার এবং দ্বিতীয় বছরে ভাতা সমন্বয়ের পরিকল্পনা রয়েছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সচিব কমিটি ইতোমধ্যে চার দফা বৈঠক করেছে এবং শিগগিরই তাদের চূড়ান্ত মতামত অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে। নতুন পে-স্কেলের বাস্তবায়নে মূল্যস্ফীতি এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নেওয়া হচ্ছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সময়োপযোগী, তবে শুধুমাত্র বেতন বাড়ালে দুর্নীতি কমবে না। তিনি সম্পদবিবরণী প্রকাশ বাধ্যতামূলক করার ওপর গুরুত্ব দেন। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেলের জন্য ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের জীবনযাত্রা উন্নত করতে বর্ধিত বেতন সহায়ক হবে। তবে, সরকারের উচিত দুর্নীতির সাথে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা