June 17, 2026, 12:58 pm

সিদ্ধিরগঞ্জে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৩৫ পুরিয়া হেরোইন ও ১০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামি এবং বিভিন্ন মামলার সঙ্গে জড়িত আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

বুধবার  (১৭জুন) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কদমতলী কলেজপাড়া এলাকার বাসিন্দা হাজী কুটু শিকদার (৫৬) এবং সুমিলপাড়া বিহারী কলোনি এলাকার সাইফুল ইসলাম মুন্না ওরফে সাহিদ (৩৪)। তাঁদের কাছ থেকে ৩৫ পুরিয়া হেরোইন ও ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া সিআর ওয়ারেন্টের ভিত্তিতে মিজমিজি মজিববাগ এলাকার মো. নজরুল ইসলাম (২৮) এবং বিভিন্ন মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সেলিম (২৭) ও মুনতাছির (২০) নামের আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচ আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা