লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে ১৫ বিজিবি ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (০৮ মে ২০২৬) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর মাঠের পার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ মোগলহাট বিওপির সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোছা: রুবিনা খাতুন (৪০) নামে এক নারীকে আটক করা হয়। পরে নারী সদস্যদের মাধ্যমে দেহ তল্লাশি চালিয়ে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত রুবিনা খাতুনের স্বামীর নাম আকুল উদ্দিন (৪৫)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার গোরকমন্ডল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত গাঁজাসহ তাকে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।