মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসির গোয়েন্দা সংস্থা। আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রকে একটি ‘ভয়াবহ সামরিক অভিযান’ বা একটি ‘খারাপ চুক্তির’ মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে। বিবিসি অনলাইন এই তথ্য জানিয়েছে।
আইআরজিসিরি জারি করা বিবৃতিতে সাম্প্রতিক ঘটনাবলীর কথা উল্লেখ করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের হাতে খুব কম সময় রয়েছে। মার্কিন প্রেসিডেন্টকে একটি ভয়াবহ সামরিক অভিযান বা একটি খারাপ চুক্তি-র মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া বিবৃতিতে ট্রাম্প জানান, তিনি ইরানের দেয়া শান্তি পরিকল্পনার বিষয়টি পর্যালোচনা করবেন। তবে জানান, তিনি ইরানের এই প্রস্তাবকে গ্রহণযোগ্য বলে মনে করছেন না।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, যুদ্ধ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নয় দফা প্রস্তাবের জবাবে ইরান ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে।
তাসনিম নিউজ এজেন্সির মতে, যুক্তরাষ্ট্র তার প্রস্তাবে দুই মাসের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। কিন্তু ইরান স্পষ্ট করে বলেছে, ৩০ দিনের মধ্যে সব সমস্যার সমাধান করতে হবে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে ‘যুদ্ধ শেষ করার’ ওপরই মনোযোগ দিতে হবে।