দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৬ জনে।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৪১ জনের, আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪ জন।
এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৬২ জন। এর মধ্যে ১১ হাজার ৮৫১ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ২১১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকার, একজন সিলেটের এবং একজন ময়মনসিংহের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলমান প্রাদুর্ভাবের সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ শিশু। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ হাজার ১৯৩ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬২ শিশু এবং চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৪১ জন।