মোহাম্মদ আসাদ,স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহের অভিযোগে শাকিল মিয়া (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পৌর এলাকার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
জানা গেছে, শাকিল মিয়া শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কর্ণঝোড়া ইউনিয়নের জাহান আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেলে ফিলিং স্টেশন এলাকায় ১০ লিটারের একটি খালি কন্টেইনারে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা, ট্যাগ অফিসার কামরুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউএনও মুরাদ হোসেন জানান, জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে। অতিরিক্ত তেল সংগ্রহ, মজুত, প্রতারণা ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।