ময়মনসিংহের ত্রিশালে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলার দুখুমিয়া বিদ্যানিকেতন মাঠে অনুষ্ঠিত এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বৈশাখী শোভাযাত্রা। রঙিন সাজে সজ্জিত এই শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং স্থানীয় সর্বস্তরের মানুষ। এতে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
বাংলার ঐতিহ্য তুলে ধরতে আয়োজন করা হয় লোকজ মেলা। মেলায় গ্রামীণ সংস্কৃতির নানা উপকরণ, হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী খাবারের সমারোহ দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রতীক, যা মানুষকে একতার বন্ধনে আবদ্ধ করে।
সভাপতিত্ব করেন আরাফাত সিদ্দিকী। তিনি নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান।
এ সময় বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
উপজেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখা হবে, যাতে বাঙালির ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া যায়।
মোঃ আব্দুল কাদের -স্টাফ রিপোর্টার ময়মনসিংহ