কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) উপজেলা সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক। সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংছিনু মারমা। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ, বনজ-ফলজ চারা, রোপা আমন ধানের চারা, হাইব্রিড মরিচের বীজ, লেবুর চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা কৃষকদের সঠিকভাবে বিতরণকৃত উপকরণ ব্যবহার করে অধিক উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখার আহ্বান জানান।
উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্মসূচির মাধ্যমে কৃষকদের আধুনিক ও উন্নত কৃষি উপকরণ পৌঁছে দিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।