April 14, 2026, 10:24 pm

বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

জামালপুরের বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালির এই প্রাণের উৎসবে মেতে ওঠেন সব শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বৈশাখি শোভাযাত্রা। শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর উপজেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ শিরোনামে গান ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবের আবহ তৈরি করে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল এবং বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশ নেন।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

 

মোহাম্মদ আসাদ,স্টাফ রিপোর্টার ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা