April 14, 2026, 10:29 pm

নারায়ণগঞ্জে অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনা, আরও একজন গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডিউটিরত পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরও এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৯ মার্চ সকাল ৬টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) এস এম লুৎফর রহমান ডিউটিরত অবস্থায় নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা তিন দুষ্কৃতকারী চাপাতিসহ দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাকে ভয়ভীতি দেখায় এবং আঘাত করে। পরে তার কাছ থেকে সরকারি ইস্যুকৃত একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে যায় তারা।
এ ঘটনায় এএসআই লুৎফর রহমানের দায়ের করা এজাহারের ভিত্তিতে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি দস্যুতা মামলা দায়ের করা হয়। ঘটনার পরপরই ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত অস্ত্র ও গুলিসহ একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ আরও জানায়, পলাতক বাকি দুই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ১৪ এপ্রিল ২০২৬ সকাল ১১টা ২০ মিনিটে সদর মডেল থানার এসআই (নিঃ) মো. শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দেওভোগ এলাকার বাশমূলী এলাকা থেকে এ ঘটনায় জড়িত আরহাম (২২) নামের এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আরহাম ফতুল্লা থানার দেওভোগ পানির ট্যাংকি এলাকার বাসিন্দা। তাকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিনিধি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা