April 14, 2026, 10:23 pm

জামালপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মী কারাগারে

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ছাত্রলীগের সভাপতিসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) দুপুরে আসামিরা মাদারগঞ্জ আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক রোমানা আক্তার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানোদের মধ্যে রয়েছেন— জেলা কৃষক লীগের কৃষিপণ্য সম্পাদক হোসেন আলী, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শাওন, সাবেক সভাপতি কামরুল হাসান আল-আমিন, নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজি ও বাবর আলী, আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ফাজিল হক এবং ছাত্রলীগ নেতা মোসাদ্দিক হোসেন জুয়েল।

জামালপুর সিজেএম কোর্টের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল হোসেন জানান, আসামিরা আত্মসমর্পণের পর জামিন প্রার্থনা করলেও আদালত তা নাকচ করেছেন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা