April 14, 2026, 11:51 pm

হরমুজ প্রণালিতে ‘নৌ অবরোধ’ আরোপের ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালিতে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প জানান, পাকিস্তানে অনুষ্ঠিত বৈঠকে বেশিরভাগ বিষয় নিয়ে অগ্রগতি হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতা হয়নি। এর জেরে যুক্তরাষ্ট্র এখন কঠোর পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, অবিলম্বে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজের ওপর অবরোধ কার্যকর করার প্রক্রিয়া শুরু করবে।

ট্রাম্প আরও বলেন, ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথে মাইন পেতে রেখে বিশ্বকে ভয় দেখাচ্ছে এবং এটিকে তিনি ‘বিশ্বব্যাপী চাঁদাবাজি’ হিসেবে উল্লেখ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো জাহাজ ইরানকে টোল দিলে সেটিকে আন্তর্জাতিক জলসীমায় আটকে দেয়া হবে।
একই সঙ্গে তিনি জানান, প্রণালিতে পেতে রাখা মাইন ধ্বংসের কাজও শুরু করা হবে। যদি কোনো ইরানি বাহিনী মার্কিন বা বেসামরিক জাহাজের ওপর হামলা চালায়, তাহলে কঠোর সামরিক জবাব দেয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা ইতিমধ্যেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই পরিস্থিতির অবসান কীভাবে করতে হবে, তা ইরান ভালোভাবেই জানে।
তিনি আরও বলেন, এই অবরোধে অন্যান্য দেশও যুক্ত হতে পারে এবং ইরানকে এই পরিস্থিতি থেকে কোনো ধরনের অর্থনৈতিক লাভ করতে দেয়া হবে না।
সূত্র: ফক্স নিউজ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা