যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে মারামারি ও বিস্ফোরক মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। রোববার মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলমের আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমিন এ আদেশ দেন।
এদিন শহিদুল ইসলাম মিলনের পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন।
মামলার অভিযোগে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সারাদেশে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে অভয়নগরের নওয়াপাড়া সড়কে আন্দোলন শুরু হয়। দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নওয়াপাড়া হাইওয়ের ফেরিঘাট এলাকায় জড়ো হয়। একপর্যায়ে তারা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ, বোমা হামলা চালায় এবং বাজারের বিভিন্ন দোকানপাট ভাঙচুর করে।
এ ঘটনায় একই বছরের ১০ ডিসেম্বর অভয়নগরের বুইকারা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জোবায়ের হোসেন বাদী হয়ে মারপিট, ভাঙচুর ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
তদন্তকালে মামলার সঙ্গে শহিদুল ইসলাম মিলনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গত ৫ এপ্রিল তাকে এ মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করেন।
যশোর প্রতিনিধি: