মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছাতে না পেরে পাকিস্তান ত্যাগ করেছেন। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, তিনি এ ঘোষণা দেয়ার পরপরই পাকিস্তান ছাড়েন। প্রতিবেদন অনুযায়ী, ভ্যান্স স্থানীয় সময় সকাল ৭টা ৮ মিনিটে এয়ার ফোর্স টু বিমানে ওঠেন এবং সিঁড়ির ওপর থেকে পাকিস্তানি কর্মকর্তাদের উদ্দেশ্যে হাত নেড়ে বিদায় জানান। তবে শান্তি আলোচনার পরবর্তী পদক্ষেপ অনিশ্চিত। কোনো কিছুই স্পষ্ট নয়।
ওয়াশিংটনভিত্তিক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো পরিষ্কার নয়। তবে ভ্যান্সকে বেশ অসন্তুষ্ট মনে হচ্ছিল। তিনি চলে যাওয়ার কথাও বলেছেন। তিনি আরও বলেন, ভ্যান্স উল্লেখ করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেয়নি। তবে একই সঙ্গে পাকিস্তানের প্রশংসা করেছেন। কারণ তারা তেহরানকে রাজি করাতে সহায়তা করার চেষ্টা করেছে।