নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে র্যাব-১১ এবং রূপগঞ্জ উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে রূপগঞ্জ থানার দক্ষিণ কাজীপাড়া, রুপসী এলাকায় অবস্থিত বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও বন্ধন ট্রেডিং নামের দুটি প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটি অবৈধভাবে ভোজ্য তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করছিল বলে অভিযোগ ওঠে। এ অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোপন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি অবৈধভাবে তেল উৎপাদন, মজুদ এবং বিভিন্ন ব্র্যান্ডের নামে লেবেলিং করে বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রায় ৫ হাজার লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমনসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে আসছে। পাশাপাশি ভেজাল পণ্য উৎপাদন ও অবৈধ মজুদের বিরুদ্ধেও তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিনিধি :