May 13, 2026, 11:29 am

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমিনুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সুজানা আক্তারের। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো।

২০২২ সালের ২৪ এপ্রিল আমিনুল ইসলাম তার স্ত্রীর কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সুজানা আক্তারকে মারধর করা হয়। একপর্যায়ে তাকে পেটে ও তলপেটে লাথি মারা হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরদিন ২৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার দিনই ভুক্তভোগীর বাবা সুরুজ মিয়া দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাষ্ট্রপক্ষ আদালতে ১৩ জন সাক্ষী উপস্থাপন করে। এছাড়া আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যেখানে তিনি হত্যার কথা স্বীকার করেন।

সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা