November 26, 2026, 2:21 pm

বক্তব্য রাখছেন ইসি সচিব আখতার আহমেদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচন পাঁচ ধাপে

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। আগের তালিকার তুলনায় ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। তিনি জানান, গত ৩১ অক্টোবর যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

চূড়ান্ত তালিকার তথ্য অনুযায়ী, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।

ইসি জানিয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোটগ্রহণ হবে ২৭ মে।

পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে।

এর আগে নভেম্বর থেকে মে মাসের মধ্যে সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন। সে অনুযায়ী গত ৩১ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। তবে নতুন চূড়ান্ত তালিকায় আগের তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।

নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, কেবল তারাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা