November 24, 2026, 2:19 pm

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, বৈষম্যবিরোধী মামলার আসামি, মাদকসেবী, ডাকাতি ও চুরি মামলার আসামিসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ জন, বৈষম্যবিরোধী মামলায় ১ জন, ডাকাতি মামলায় ১ জন, চুরি মামলায় ২ জন, মাদকসেবী হিসেবে ১০ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২ জনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদকসেবীরা হলেন: মোঃ রুহুল আমিন (২৬), ইমরান হোসেন ওরফে রনি (৩২), মাসুদ রানা (২১), মোঃ খোরশেদ আলম (৪৮), মোঃ রাতুন মিয়া (২১), আল আমিন (২৭), টুকুন (৩০), মোঃ ইমন (২১), মোঃ আলী নেওয়াজ (৩০) ও মোঃ হাবিবুর রহমান (২৮)।

এদিকে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন: নগর জোয়ার গ্রামের জাতীয় শ্রমিক লীগের সোনারগাঁ থানার অর্থবিষয়ক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন ওরফে মানিক (৪৫), সনমান্দি ইউনিয়নের দৌলরদী গ্রামের স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য শাহ আলম (৪৫) এবং সোনারগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ষোলপাড়া এলাকার ছাত্রলীগের সাবেক সক্রিয় সদস্য সাইদুর রহমান জনি (৩৬)।

অন্যদিকে, বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন: জামপুর ইউনিয়নের চর তালিমাবাদ গ্রামের মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম (৩৮)।

এ ছাড়া, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার হয়েছেন: মোঃ হাসান (২৬) ও মোঃ জাহাঙ্গীর (৩২)।

চুরি মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন: মোঃ আবজাল হোসেন (২৮) ও মোঃ লেলিন (২৮)।

অপরদিকে, ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছেন: সাদিপুর ইউনিয়নের লষ্কারবাড়ী এলাকার মোঃ সোহেল (৩৪)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

ইমরান হাসান, সিনিয়র ক্রাইম রিপোর্টার:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা